হোম অফিসের জন্য কর্মীদের ১০০০ ডলার আসবাব ভাতা দেবে গুগল

২৮ মে, ২০২০ ০৮:২৪  
আগামী ৬ জুলাই থেকে কর্মীদের অফিসে ফিরে আসতে দেওয়া শুরু করবে টেক জায়ান্ট গুগল। তবে যারা হোম অফিস বেছে নেবে তাদের স্ট্যাডিং ডেস্ক এবং এরগনোমিক চেয়ারের মতো হোম অফিসের প্রয়োজনীয় আসবাব কেনার জন্য এক হাজার ডলার পর্যন্ত ব্যয় করার অনুমতি দেবে কোম্পানিটি। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় গুগলের সকল কর্মীরা বর্তমানে বাসায় বসে কাজ করার সুবিধা পাচ্ছেন। তবে আগামী ১০ জুলাই অফিস খোলার পরে ১০ শতাংশ কর্মী অফিসে ফিরবে বলে প্রত্যাশা করছেন কোম্পানি সিইও সুন্দর পিচাই। এক অফিস মেমোতে বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩০ শতাংশ কর্মীকে অফিসে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুধু যাদের অফিসে আসার জরুরী তাদেরকেই অফিসে ডাকা হবে এবং তারা অফিসে রোটেটিং বেসিস কাজ করবেন বরে জানিয়েছেন তিনি। এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, বাড়ী বসে অফিস করার ক্ষেত্রেও সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। বাসায় বসেই তারা যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে অফিস করতে পারেন এ জন্য কর্মীদেরকে এক হাজার ডলার ভাতা দেবেন। এদিকে সম্প্রতি এক ঘোষণায়, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ফেসবুকের প্রায় অর্ধেক কর্মী বাড়িতে বসে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন সোশ্যাল জায়ান্ট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এছাড়া নির্দিষ্ট কিছু কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়া শুরু করবে ফেসুবক। অপরদিকে মহামারি পরবর্তী সময়েও কর্মীরা বাসায় বসেই অফিস করার সুবিধা পাবেন বলে জানিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি। গত ১২ মার্চ থেকে টুইটার কর্মীরা বাড়িতে বসেই অফিস করছেন এবং আগামী সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাদের সকল দাপ্তরিক ভ্রমণ বাতিল থাকবে।